সাউথটেক লিঃ এর সাথে আরডিআরএস বাংলাদেশ এর দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর
আরডিআরএস এর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও শর্ট ম্যাসেজ সার্ভিস (ক্ষুদেবার্তা) সেবা চালু করার লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সাউথটেক লিমিটেড এর সঙ্গে এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। আরডিআরএস এর হেড অফিস, ঢাকায় গত ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আরডিআরএস বাংলাদেশ এর পক্ষে তপন কুমার কর্মকার, নির্বাহী পরিচালক এবং সাউথটেক লিঃ এর পক্ষে মামনুন কাদের, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতাভুক্ত সদস্যদেরকে অধিকতর উন্নত সেবা প্রদান এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে আগাামি ১ মার্চ ২০২৩ থেকে সদস্য পর্যায়ে ক্ষুদেবার্তা বা শর্ট ম্যাজেস সার্ভিস এবং ১ এপ্রিল ২০২৩ হতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালু হতে যাচ্ছে। চুক্তি অনুসারে সাউথটেক লিমিটেড আরডিআরএস বাংলাদেশকে সফটওয়্যার উন্নয়নে সহযোগিতা দেবে।
শর্ট ম্যাসেজ সার্ভিসের আওতায় সদস্যরা প্রত্যেক আর্থিক লেনদেনের পর (সদস্য কর্তৃক ঋণ ও সঞ্চয়ের টাকা জমা প্রদান, সঞ্চয় উত্তোলন, ঋণ গ্রহণ ইত্যাদি) তারা তাদের রেজিস্টারকৃত মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাবেন। এছাড়া, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের আওতায় সদস্যরা বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি প্রদান করতে পারবেন।







